প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম (ভিজিট : ২৮)

X
সংগৃহীত ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ তিনটি পদেই দায়িত্ব পালন করবেন কুবির নিজস্ব শিক্ষকরা।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁরা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতি বাস্তবায়নে নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।