প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৪ এএম (ভিজিট : ৩১)

X
ছবি: প্রতিনিধি
বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দিনব্যাপী একাধিক উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
দিনব্যাপী কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান, উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮টি বেঞ্চ বিতরণ এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ, ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন এবং রাখাইন পল্লীতে ‘রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র’ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, এসব উদ্যোগ শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।