প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম (ভিজিট : ৪৬)

X
ধান সংগ্রহে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের অভিনন্দন
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্য গুদাম পরিদর্শন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় গুদাম পরিদর্শনকালে তিনি চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
পরিদর্শনের সময় এমপি সান্টু নির্মাণাধীন খাদ্য গুদাম ভবনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং গুদামের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি গুদামের নিরাপত্তা আরও জোরদার করতে সোলার লাইট স্থাপন এবং দাপ্তরিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে আইপিএস স্থাপনের নির্দেশনা দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসান জানান, চলতি বোরো মৌসুমে সরকারি সংগ্রহ কর্মসূচির আওতায় শিকারপুর খাদ্য গুদামে মোট ১ হাজার ৫১৭ টন ধান সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ বাস্তবায়িত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, শিকারপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান জয়, অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংসদ সদস্য সান্টু বলেন, কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি সংগ্রহ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।
সরকারি ধান সংগ্রহ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় তিনি শিকারপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।