প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম (ভিজিট : ২৩)

X
ছবি : প্রতিনিধি
বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার অভিযুক্ত আল আমিন’কে দীর্ঘদিনের পলাতক থাকার পর র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প গ্রেফতার করেছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় পাথরঘাটা থানাধীন হোগলাপাশা আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের আলম মিয়ার সাথে প্রতিবেশী আসমা বেগমের জমি নিয়া বিরোধ চলে আসছিলো। গত ১০ মে উভয় পক্ষের মধ্যে গাছকাটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায় আসমা বেগম নিজেসহ তার ভাড়াটিয়া ইলিয়াস, আল আমিন, সাইফুল ইসলাম, মোঃ বেলায়েত, মোঃ নিজাম ও মোঃ ইব্রাহিম আলম মিয়ার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্ত ইলিয়াস ও বেলায়েতকে আগেই গ্রেফতার করতে সক্ষম হয়।
সবশেষ ২৭ জুলাই র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন হোগলাপাশা আবাসন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক অভিযুক্ত মোঃ আল আমিনকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।