বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে কিশোরী তানজিলা হত্যা মামলার প্রধান আসামি রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিকেলে নিজের অটোরিকশায় করে প্রেমিকা কিশোরী তানজিলা আক্তারকে ঘুরতে নিয়ে যান রানা। একপর্যায়ে ৩০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের একপর্যায়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন। পরে সঙ্গে থাকা ফল কাটার চাকু দিয়ে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর তানজিলার কাছে থাকা দুটি স্মার্টফোন ও একটি রুপার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রানা। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।