প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম (ভিজিট : ৩৫)

X
সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, হবিগঞ্জে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়েছে ছাত্রদল। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
অতীতে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা করেছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনে স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেন, এবার হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য গউস উদ্দিনের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছেন।
তিনি বলেছেন, সেই পুরনো অভ্যাস। নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! ‘বি এ লিটল ডিগনিফাইড, প্লিজ!’
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের পথে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিলেন। ব্যারিকেড সরানো নিয়ে রাত ৮টা পর্যন্ত ধস্তাধস্তির পর এনসিপির নেতারা পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলার এজাহার জমা দেন। পরে তারা মৌলভীবাজারে ফিরে যান।
এনসিপির অভিযোগ, হামলার সময় ক্যামেরা ও ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম এবং গাড়িতে রাখা ৫ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০ লাখ টাকা দামের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবার থানায় এজাহার দেন ছাত্রদলের নেতা ইকবাল হোসেন রোকন। তার অভিযোগ, একটি কর্মসূচি শেষে ফেরার সময় এনসিপির নেতারা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে কয়েকজনকে মারধর করেন। পরে দুটি মোবাইল ফোনসহ সাড়ে চার লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়া হয়।