প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম (ভিজিট : ২২)

X
ছবি: প্রতিনিধি
দল-মত নির্বিশেষে বগুড়ার সর্বাঙ্গীন উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া প্রেসক্লাবের প্রাক্তন আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
আজ শুক্রবার বেলা ১১:০০ টায় বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় অর্গানাইজেশনাল কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল করিম বাদশা বগুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, “যে যে দলই করি না কেন, বগুড়ার স্বার্থে ও উন্নয়নে আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও দায়িত্বশীল ভূমিকা এ অঞ্চলের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে।”
তিনি প্রেসক্লাবের গঠনতন্ত্রকে আরও গণতান্ত্রিক ও যুগোপযোগী করার প্রস্তাব দেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রতি বছর জুলাই মাসে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের তাগিদ দেন। বক্তব্য শেষে তিনি নিজ তহবিল থেকে বগুড়া প্রেসক্লাবে ২ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু। তিনি বগুড়াকে পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরসহ আঞ্চলিক উন্নয়ন জোরদারে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং গঠনতন্ত্র সংশোধন, অডিট কার্যক্রম ও পেশাগত সার্বিক মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।