প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম (ভিজিট : ২৬)

X
ছবি: প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘জ্ঞানের পাঠশালা’য় স্কুল ড্রেস বিতরণ, পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন আগামী ও সরলতা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়কে ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং গাছের চারা উপহার দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় জ্ঞানের পাঠশালার প্রধান উপদেষ্টা মোঃ জামিল উদ্দিন সিকদার, উপদেষ্টা মো. খাইরুল ইসলাম চৌধুরী, সরলতা ফাউন্ডেশনের প্রতিনিধি রাওফুন রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।