প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ২৫)

X
ছবি: প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রী জেসমিন খানমকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
আহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ তুলে জসিম শেখ তার স্ত্রীর ওপর চড়াও হন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরন করা হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
তবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত স্বামী জসিম শেখ মাদকাসক্ত। তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।