প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ২৫)

X
মানবিক উদ্যোগে স্কুলে ফিরল শিক্ষার্থী প্রশংসায় ভাসছেন দিনাজপুরের ডিসি
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম। তাঁর প্রত্যক্ষ উদ্যোগে কাহারোল উপজেলায় ঝরে পড়ার ঝুঁকিতে থাকা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরেছে।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে কাহারোলে গরুর হাট স্থানান্তরের নির্ধারিত স্থান পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শন শেষে ফেরার পথে একটি বাড়ির বারান্দায় এক শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। শিশুটিকে কাছে ডেকে তিনি জানতে পারেন, সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হলেও সেদিন স্কুলে যায়নি। স্কুলে না যাওয়ার কোনো সন্তোষজনক কারণও শিশুটি জানাতে পারেনি।
এ সময় উপস্থিত সবার উদ্দেশে ডিসি বলেন, "শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে। তা না হলে এভাবেই শিশুরা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।"
এরপর কালক্ষেপণ না করে শিশুটিকে নিজের সরকারি গাড়িতে তুলে তার স্কুলে পৌঁছে দেন জেলা প্রশাসক। শীর্ষ একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্বশীল উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
স্থানীয়রা জানান, এটি কেবল একটি শিশুকে স্কুলে ফেরানোর ঘটনা নয়; বরং সমাজের সকল স্তরে শিক্ষাবিস্তারে সচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী বার্তা। প্রশাসনের এমন মানবিক দৃষ্টিভঙ্গি শিশুদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।