প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : ৩৩)

X
মেলান্দহ রেলস্টেশনে সিসিটিভি ও আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম উদ্বোধন
যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা এবং আধুনিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে জনবান্ধব করতে কাজ করছে। পর্যায়ক্রমে এই স্টেশনে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।" এ সময় তিনি রেলের টিকিট কালোবাজারি রোধে প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, এই উদ্যোগ যাত্রীদের নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান মেহেদী জানান, যাত্রীসেবা আধুনিকায়নের ধারাবাহিকতায় স্টেশনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।