প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:০০ পিএম (ভিজিট : ১৯)

X
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
পুলিশের মনোবল দুর্বল করতে, বাহিনীকে বিতর্কিত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
সোমবার (৩ আগস্ট) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ব্যক্তি বাংলাদেশ পুলিশের প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। যাচাই-বাছাইবিহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে, কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরই তাকে লক্ষ্য করে অতিমাত্রায় এ ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসব অপপ্রচারের মূল উদ্দেশ্য, পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্যপদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করা, জনমনে পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।
এসব অপপ্রচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।