প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম আপডেট: ০৪.০৮.২০২৬ ৫:৫১ পিএম (ভিজিট : ১৮)

X
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ভারতগামী যাত্রী হিসেবে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম শনাক্ত হলে তাকে আটক করা হয়।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর A05025454।
ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন তালুকদার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
সূত্র জানায়, ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এসে নিয়মিত কার্যক্রম সম্পন্ন করার সময় ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানার হেফাজতে রাখা হয়েছে।