কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে বদি আলম (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে সীমান্তসংলগ্ন এলাকায় যান বদি আলম। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আজাদ বলেন, ‘সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’