প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ১৪)

X
তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালানা করে এ জরিমানা করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত, বাসি গ্রিল কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
এছাড়া চাটগাঁও রান্নাঘরকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা এবং ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।