প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৮)

X
মো. ইব্রাহিম
মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েকদিন ধরে ওই মসজিদে অবস্থান করছিলেন। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মসজিদের ছাদে উঠলে পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে এ দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেডিয়াম পাড়ার আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের শুকুর সরদারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েকদিন ধরে স্টেডিয়াম পাড়ার ওই মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পেতে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের মূল লাইনের কাছে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ইব্রাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী এবং তাবলিগ জামাতের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।