
X
রাণীশংকৈল মডেল মসজিদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
শুক্রবার (৭ আগস্ট) পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় নবনির্মিত এই আধুনিক মসজিদে প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ হাজারো মুসল্লির ঢল নামে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, সাবেক মেয়র আলমগীর সরকার এবং জুলাই যোদ্ধা হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী প্রথম জুমায় পৌরশহরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ হাজারো মুসল্লি অংশ নেন।
উদ্বোধনী আয়োজনে সন্তোষ প্রকাশ করে আগত স্থানীয় মুসল্লিরা জানান, এমন একটি আধুনিক ধর্মীয় কেন্দ্রের অপেক্ষায় ছিলেন তারা। চারতলা বিশিষ্ট এই আধুনিক মডেল মসজিদে একসাথে প্রায় এক হাজার মুসল্লি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। এটি কেবল ইবাদতের স্থান হিসেবেই নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামী কেন্দ্র হিসেবে পরিচালিত হবে।
আধুনিক সুযোগ-সুবিধা পুরুষ ও নারীদের জন্য পৃথক স্থানে অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা, আধুনিক অজুখানা এবং ইমাম-মুয়াজ্জিনের আলাদা আবাসন ব্যবস্থা। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র: সমৃদ্ধ লাইব্রেরি, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা এবং শিশু ও গণশিক্ষার ব্যবস্থা।
জনসেবামূলক ব্যবস্থা: হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অতিথিশালা এবং মৃত ব্যক্তির গোসলের বিশেষ সুব্যবস্থা।
ধর্মীয় শিক্ষা, ইবাদত ও বৈচিত্র্যময় জনসেবামূলক কার্যক্রমের সমন্বয়ে নির্মিত এই মডেল মসজিদটি রাণীশংকৈলবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সামাজিক কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।