প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ১১)

X
সংগৃহীত ছবি
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদারের লক্ষ্য নিয়ে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। তিন দেশের মধ্যে এই সমঝোতাকে ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত সমন্বয় আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
চুক্তি স্বাক্ষরের আগে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তিন দেশের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে এ উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় সমঝোতা বিশেষ গুরুত্ব বহন করে। তাদের মতে, ন্যাটোর অন্যতম শক্তিশালী সামরিক সক্ষমতাসম্পন্ন তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের মধ্যে এই চুক্তি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।