বগুড়ায় বিসিক শিল্পপার্ক, আন্তর্জাতিক স্টেডিয়ামসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক নির্মাণ, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর

2026-08-08T17:39:54+00:00
2026-08-08T17:39:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বিসিক শিল্পপার্ক, আন্তর্জাতিক স্টেডিয়ামসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৫)
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
X

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক নির্মাণ, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু, শহরের রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, বগুড়া সড়ক জোন স্থাপন, আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ ক্রীড়াগ্রাম নির্মাণ এবং করতোয়া নদীর পুনর্জীবন—এমন একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বক্তব্যে বগুড়াসহ উত্তরাঞ্চলের বৈষম্য ও অবহেলা দূর করে ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ের কথাও উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, বগুড়ার শিল্প উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদার তুলনায় জেলায় তেমন উন্নয়ন হয়নি। এ পরিস্থিতিতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, ‘বগুড়া আমাদের সবার আবেগের কেন্দ্র। এ অঞ্চলের শিল্প ও ব্যবসার যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে। জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান। দেশ গঠনে তাঁর অবদান কোনোদিন ভোলার নয়।

তিনি বলেন, ‘গত ২০ বছর বগুড়া বঞ্চিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ বগুড়ার মানুষ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ অঞ্চলের মানুষ পরিশ্রমী ও সৎ। জাতীয় অগ্রগতির স্বার্থেই বগুড়ার উন্নয়ন করা হচ্ছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়ার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, বগুড়া খাদ্য উদ্বৃত্ত জেলা। জেলার উৎপাদিত পণ্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বাজার তৈরি করে দেশ-বিদেশে যাচ্ছে। অথচ দীর্ঘদিন বগুড়া অবহেলিত ছিল। বৈষম্যহীন বাংলাদেশে বগুড়ার ঘাটতি পূরণ করে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে।

নভেম্বরে-ডিসেম্বরে রেলপথের ভিত্তিপ্রস্তর
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী এ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ রেল যোগাযোগ চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বগুড়া বিমানবন্দর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মীর শাহে আলম বলেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে অন্তত দেশের অভ্যন্তরীণ রুটে বগুড়া বিমানবন্দর চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

যানজট নিরসনে ওভারপাস, হচ্ছে সড়ক জোন
বগুড়া শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শহরের রেললাইনের ওপর দিয়ে ওভারপাস নির্মাণ করা হবে। এতে নগরীর যানজট অনেকটাই কমে আসবে।

এ ছাড়া বগুড়ায় সড়ক জোন স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

করতোয়া নদী পুনর্জীবন ও ক্রীড়াগ্রাম
করতোয়া নদীর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগে একসময়ের খরস্রোতা করতোয়া নদীতে আবারও প্রাণ ফিরে আসছে।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বগুড়ার তিনমাথা এলাকায় ক্রীড়াগ্রাম নির্মাণ করা হবে। সেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ খেলাধুলার প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।

বগুড়ার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সঙ্গে গোপালগঞ্জের তুলনা চলে না। বগুড়ার ওপর দিয়ে ১৩টি জেলার মানুষ যাতায়াত করে। কৃষি, শিল্পসহ সবদিক থেকেই বগুড়া সমৃদ্ধ। দীর্ঘদিন নানা কারণে এ অঞ্চল বঞ্চিত হয়েছে। এখন বগুড়ার উন্নয়নে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বগুড়ায় বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। শিল্প, শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া ও নগর অবকাঠামোসহ বিভিন্ন খাতে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বগুড়ার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy