প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
‘হিমালয় কন্যা’ হিসেবে পরিচিত নেপালে ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৯ মাস পর পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে তুষারধসের কবলে পড়ে তারা নিখোঁজ হয়েছিলেন।
সোমবার (১০ আগস্ট) নেপালভিত্তিক পর্বতারোহণ সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন পর্বতারোহীদের মরদেহের সন্ধান পায়। ইয়ালুং রি পর্বতের যে এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় অবস্থিত।
নিহত পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশি এবং দুজন নেপালের নাগরিক। বিদেশি তিনজন কানাডা, ইতালি ও জার্মানির নাগরিক।
নেপাল সরকার নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার। নিহত দুই নেপালি নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।
দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা ১৮ হাজার ৪৭১ ফুট বা ৫ হাজার ৬৩০ মিটার। উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলায় অবস্থিত এই পর্বতটি তুলনামূলকভাবে কম কারিগরি দক্ষতায় আরোহণ করা যায় বলে নতুন পর্বতারোহীদের কাছে জনপ্রিয়। তবে হিমবাহ এলাকায় চলাচলের জন্য প্রাথমিক দক্ষতা থাকা জরুরি।
ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের শীর্ষ অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোপসি শেষ হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রায় নয় মাস পর দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধারের ঘটনায় নেপালের পর্বতারোহণ অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।