
X
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখছেন
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তিনি বলেন, তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।
বুধবার ১২ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের নানা ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে এবং যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই, তাদের সিড মানি প্রদান করা হচ্ছে।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে জাতীয় বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রাখা হয়েছে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আলোচকরা বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং বৃদ্ধি এবং তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, “তরুণদের দক্ষতা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্ব বিকাশের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”