প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম (ভিজিট : ১)

X
দুই আসামী আটক
সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের অভিযানে কারাগার ভেঙ্গে পালানো মোজাম গাজী(৪৯) ও রফিকুল ইসলাম(৪০) নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, মঙ্গলবার(১১ আগষ্ট) দিবাগত গভীররাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশসহ উপজেলার কাছারী ব্রীজ ও ঈশ্বরীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা যথাক্রমে উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ও নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে। মোজাম গাজী সিআর২৭৪/১৮ এবং রফিকুল সিআর ২১৪/২৩ মামলা সুত্রে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দু বছর ধরে পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদি নং২৫৩৫/২৪) এক মাস এবং রফিকুল ইসলাম (কয়েদি নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙ্গার সুযোগ নিয়ে পালিয়ে আত্নগোপনে চলে যায়। তারা দুজন যথাক্রমে এক বছর ও দশ মাসের সাজাপ্রাপ্ত আসামী।
তিনি আরও বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়ার কারণে সাতক্ষীরা সদর থানায় একই বছরের ১৫ আগষ্ট মামলা রজু করা হয়। বুধবার (১২ আগষ্ট) সকালে আদালতে দুই পলাতক আসামীকে সোপর্দ করা হয়েছে।