প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
বলিউডে প্রকাশ্যে তারকাদের বিবাদ। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের একটি মন্তব্যকে ঘিরে অভিনেতা-গায়ক পীযূষ মিশ্রের সমালোচনার পর এবার সেই বিতর্কে যোগ দিলেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। নাসিরুদ্দিনকে সরাসরি ‘শিয়াল’ বলে কটাক্ষ করেছেন তিনি।
ছাত্র বিক্ষোভের সময় বলিউডের অনেক অভিনেতা নীরব ছিলেন এমন অভিযোগ তুলে সম্প্রতি চলচ্চিত্রশিল্পের সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছিলেন, মুখে হাড় থাকা কুকুর যেমন ঘেউ ঘেউ করতে পারে না, তেমনি কিছু মানুষও নির্দিষ্ট পরিস্থিতিতে মুখ খুলতে পারেন না। নাসিরুদ্দিনের এই বক্তব্যের পাল্টা জবাব দেন পীযূষ মিশ্র। এবার তার পক্ষ নিয়ে সরব হলেন কঙ্গনা।
কঙ্গনা বলেন, সত্যিটা হলো, সবাই কারও না কারও কুকুর। কিন্তু আমি গর্বিত যে আমি যে দেশে খাই, সেই দেশের জন্যই লড়াই করি এবং তাকে রক্ষা করি। নাসিরুদ্দিন শাহকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, তিনি হয়তো এই দেশ থেকে উপার্জন করেন, কিন্তু তার লড়াই নাকি প্রতিবেশী দেশের জন্য। নাসিরুদ্দিন শাহের মতো শিয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়াই ভালো
কঙ্গনা এখানেই থামেননি। কুকুরের আনুগত্য ও সরলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে কাউকে ‘কুকুর’ বলা অনেক ক্ষেত্রেই প্রশংসা হিসেবেও দেখা যেতে পারে। তার দাবি, এই গুণগুলো সবার মধ্যে দেখা যায় না। এরপর নাসিরুদ্দিন শাহকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, নাসিরুদ্দিন শাহের মতো শিয়াল হওয়ার চেয়ে আমি বরং কুকুর হতে পছন্দ করব। কঙ্গনার এই মন্তব্যের পর বিতর্ক আরও তীব্র হয়েছে।