প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ‘আরআরআর’ খ্যাত এ অভিনেতা। জানা গেছে বুধবার তার কাঁধে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়েছে। তার এই অস্ত্রোপচারের বিষয়টি সামনে আসতেই ভক্তরা বেশ চিন্তায় ছিলেন। তবে সফল অস্ত্রোপচারের পর ভক্ত, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেয়া এক বার্তায় জুনিয়র এনটিআর লেখেন, সবার ভালোবাসা ও প্রার্থনায় তিনি অভিভূত। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ভালো আছেন বলেও জানান। চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বন্ধু, পরিবার ও ভক্তদের সমর্থনকে তার শক্তির উৎস হিসেবে উল্লেখ করেন।
কেআইএমএস হাসপাতালের স্বাস্থ্যবিষয়ক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন অভিনেতা। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। এর আগে কাঁধে চোট পাওয়ার পর জুনিয়র এনটিআরকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার সফল হওয়ায় এখন ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফেরার প্রস্তুতি নেবেন তিনি।
শুটিংয়ে ফিরতেও তাকে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক সুস্থতার ওপর নির্ভর করতে হবে। এদিকে ভক্তদের অপেক্ষার কেন্দ্রে রয়েছে জুনিয়র এনটিআরের পরবর্তী সিনেমা ‘ড্রাগন’। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাতেই পরবর্তী সময়ে পর্দায় দেখা যাবে দক্ষিণের এই তারকাকে।