প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : ০)

X
আশরাফুল আলম ওরফে হিরো আলম
বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তাঁর সংসদীয় আসনটিও শূন্য হয়েছে। আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন হিরো আলম। এর মাধ্যমে আসন্ন উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও সদর আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে তাঁর ছেড়ে দেওয়া আসনে সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী সমীকরণ নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। হিরো আলমের প্রার্থিতার ঘোষণা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
এর আগেও বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’
আলম জানান, কোনো দলের হয়ে নির্বাচন করবেন না। তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যাবে এই আসনে।
তবে উপনির্বাচনের তফসিল, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে।