প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম (ভিজিট : ২)

X
রিধিকা রিধি
রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় নিজ বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীর করা জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন না থাকায় তাঁকে এজলাসে তোলা হয়নি। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিন আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন আবেদন করেন। তবে জামিন শুনানির জন্য আগামী ১৮ অগাস্ট মঙ্গলবার দিন ধার্য করা হয়। এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শন (এসআই) আব্দুল ওয়াদুত কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সাঙ্গে জড়িত মর্মে জানান। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।
গতকাল শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ঘটনার সময় রিধিতার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
রিধিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন রিধিকার মা। মামলা দায়েরের পর শনিবার রিধির বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মডেলিংয়ের পাশাপাশি বেশকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।