প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম (ভিজিট : ১)

X
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য উদযাপন ও বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। তারা স্লোগান দিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিছিল থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং ক্রিকেটারদের জন্য আরও কার্যকর প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির উদ্দীন শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, ক্রিকেটসহ দেশের ক্রীড়াঙ্গনে মেধাবী তরুণদের জন্য পেশাগত সুযোগ তৈরি করা গেলে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের ভবিষ্যৎ গড়ার অন্যতম শক্তিশালী ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি খেলোয়াড়দের পরিবারকে আর্থিক ও সামাজিক নিরাপত্তার আওতায় আনতে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ দলের এই সাফল্যকে দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তারা বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনা পেলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম।
‘সরকারের উদ্যোগ, ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে বিশেষ গুরুত্ব দেন ছাত্রদল নেতারা।