প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম (ভিজিট : ৫)

X
ঝালকাঠিতে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের তিনটি ক্যাটাগরির ১৮টি শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষায় মো. শফিকুল ইসলাম নামে এক প্রার্থীর নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শফিকুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. শফিকুল ইসলাম নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর বাবা মো. আঃ গনি হাওলাদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, রুবল ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন খানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মো. শফিকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাঁর বাবা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় নাচনমহল ইউনিয়নের সাধারণ মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন ও বিভিন্ন অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া উচিত নয়। শফিকুল ইসলামের নিয়োগ হলে তা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি হবে। তাই তাঁর নিয়োগ বাতিলের দাবি জানান তারা।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে মো. শফিকুল ইসলামের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।