প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০-এ।
সোমবার (১৭ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৫ শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৮৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ৪৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৫ শিশু। এ সময়ে মৃত্যু হয়েছে ৭০ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন জানান, গত দুই দিনে পাঁচ ও সাত মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। এর আগের ২৪ ঘণ্টায় সাত মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।
ডা. মাইন উদ্দিন বলেন, হামের প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার চিকিৎসা নিয়ে অনেক শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো কোনো আইসিইউ স্থাপন করা হয়নি।
হামের উপসর্গ নিয়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের জন্য নিবিড় পরিচর্যা সুবিধা না থাকায় চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।##