প্রকাশ: রোববার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫০ পিএম আপডেট: ২০.০২.২০২২ ২:৫৫ পিএম (ভিজিট : ১১৫)

X
জিমে না গিয়েও বহু মানুষ সুস্থ থাকে। সুস্থ থাকতে গেলে কিছু নিয়ম কঠোর ভাবে পালন করতে হবে। শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে ব্যায়াম করার বিকল্প নেই। তবে অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে ছোট-বড় সবাই অতিরিক্ত ওজনে ভুগছেন। যা দীর্ঘমেয়াদি রোগের কারণ। তবে কর্মব্যস্ত জীবনে অনেকেই শরীরচর্চা করার সময় পান না। আবার অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে, জিমে না গেলে ওজন ঝরানো কিংবা ফিট থাকা যায় না। জিমে যাওয়া বা না যাওয়ার সঙ্গে ফিট থাকার কোনো সম্পর্ক নেই। তবে জিমে না গিয়েও নিজেকে ফিট রাখতে চাইলে কয়েকটি বিষয় মেনে চলতে হবে। শুধু শরীরচর্চা করে কখনো ওজন কমানো সম্ভব নয়, যদি না আপনি সঠিক খাদ্যাভাস অনুসরণ করেন। এর পাশাপাশি মেনে চলুন কয়েকটি বিষয়-
বাড়ির কাজ করুন
অনেক বাড়িতেই কাজের লোক থাকেন। নিজেদের সুবিধার জন্য কাজের লোক রাখা হয়। তবে কিছুটা সময় নিজেকে সুস্থ রাখার স্বার্থেই একটু হলেও বাড়ির কাজ করুন। ঘর পরিষ্কার করুন, কাপড় কাচুন, বাসন মাজুন। এইটুকু করতে পারলেই শারীরিক বশে কিছু সমস্যা থাকবে দূরে।
একটু হাটাহাটি করুন
সারা দিন যতই ব্যস্ত থাকেন না কেন, কিছুটা সময় অবশ্যই নিজের জন্য রাখতে হবে। এই নিজের জন্য বাঁচিয়ে রাখা সময়ে একটু হেঁটে নেবেন। এক্ষেত্রে দিনের যেকোনো সময় হাঁটতে পারেন। আলাদা করে কোনো সময় বের করতে হবে না। শুধু ৩০ মিনিট হেঁটে নিলেই চলবে। এইটুকু হাঁটতে পারলেই দূরে থাকবে অনেক মারাত্মক রোগ।
সিঁড়ি দিয়ে উঠুন
অফিস হোক বা বাড়ি, এবার আলস্য ছেড়ে লিফটের বদলে ব্যবহার করুন সিঁড়ি। এভাবে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করলে অনেক সমস্যার হবে সমাধান। আপনি থাকবেন সুস্থ। তাই দিনে অন্তত ২-৩ বার সিঁড়ি ব্যবহার করে উপরে উঠুন।
ঘরেই করুন হালকা ব্যায়াম
ঘরের বারান্দায় সহজ কিছু ইয়োগা বা অ্যারোবিকস করতে পারেন ইউটিউব দেখেই। এ ধরনের ব্যায়াম শরীরের বাড়তি ক্যালরি কমার পাশাপাশি স্ট্রেস ও দুশ্চিন্তা কমায়। চাইলে খানিক স্কিপিংও করতে পারেন। এ ছাড়া বাইরের পিৎজা, পাস্তা, রাইস বা বার্গার না খেয়ে ঘরে তৈরি রান্না করা খাবার খান। এতে ওজন ঠিক থাকবে।
খেলাধুলা করুন
সারা দিন টেলিভিশন, কম্পিউটারে চোখ না রেখে বাইরে খেলতে চলে যান। ক্রিকেট, ফুটবল বা নিজের পছন্দ মতো যেই খেলাই ভালো লাগে খেলুন। এর প্রভাবে আপনি থাকবেন ভালো। আর শুধু খেলতে গিয়ে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকলে হবে না, খেলায় সক্রিয় অংশগ্রহণও করতে হবে, তবেই ভালো থাকতে পারবেন।