প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৬ পিএম (ভিজিট : ১০৬)

X
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তথ্য-প্রমাণসহ লিখিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ ও পাল্টা অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ও শরীফ উদ্দিনের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিটের শুনানিতে হাইকোর্ট ওই আদেশ দেন। পরে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন। এরমধ্যে ১০ জন রিটকারী ও দুর্নীতি দমন কমিশন (দুদক) উভয় পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিন আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
গত ২৩ ফেব্রুয়ারি দুদক থেকে চাকরিচ্যুত হন মো. শরীফ উদ্দিন। এরপর তার ও দুদকের অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়, সেগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। ওইদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ আইনজীবীর পক্ষে রিটটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ২২ ফেব্রæয়ারি শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এ আইনজীবী। রিটকারী ১০ আইনজীবী হলেন- মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।