প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:৩৪ পিএম (ভিজিট : ১৫৯)

X
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আগামী রবিবার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বলেন, 'আগামী ৬ মার্চ (রবিবার) থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।'
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এরও আগে প্রায় দেড় বছর ভার্চুয়াল মাধ্যমে উচ্চ আদালতের বিচার কাজ চলে। ২০২০ সালের ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর দুদিন পর ভার্চুয়াল উপস্থিতিতে সশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে ওই বছরের ১০ মে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এবং ১১ মে থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যদিয়ে স্বাধীনতার ৪৯ বছর পর মহামারির দুঃসময়ে দেশের বিচার বিভাগ ডিজিটাল যুগে প্রবেশ করে।