প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:২৬ পিএম (ভিজিট : ২১৭)

X
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিেরর আবেদন শুনানির জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৭ মার্চ) এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে উপস্থিত না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। এছাড়া, অপরদিকে সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানি ও অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির জন্য ২২ মার্চ দিন ধার্য করেন।
জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।