
লিজা আক্তার নামের এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় দম্পত্তি এজাজ সাকলাইন ও তার স্ত্রী তানজিমা হাসেমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একদিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মোহাম্মদ আলী সৈকত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম রশিদুল আলম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর আগে গত ৬ মার্চ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, এজাজ সাকলাইনের বাসায় গৃহকর্মী হিসবে কাজ করত লিজা আক্তার। এজাজ ও তার স্ত্রী লিজাকে মারপিট করতেন। গত ২ মার্চ তারা লোহার খুন্তি গরম করে লিজার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে লিজা। এরপর ৫ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের ১৯৩ নম্বর বাসায় যায়। সেখানে লিজাকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। পুলিশ লিজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় ভাটারা থানার এসআই হাসান মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।