
X
সাধারণত আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গের যতটা যত্ন নেই, তা দাঁতের বেলায় করি না। দাঁত ব্যথা হলে বা দাঁতে কোনো সমস্যা না হলে অনেকে আবার কখনোই ডাক্তারের কাছে যেতে চান না। এই কাজটা মোটেও ঠিক নয়। নানা কারণের আমাদের দাঁতে বা মাড়িতে সমস্যা হতে পারে।
কোন কোন উপসর্গে আমরা বুঝব যে আমাদের দাঁতে বা মাড়িতে সমস্যা হয়েছে, তা আমাদের অনেকেরই অজানা। চলুন জেনে নিই উপসর্গগুলো—
১। ঘুম থেকে ওঠার পর বা ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়া।
২। দাঁতে কালো এবং হলদেটে ছাপ পড়া।
৩। দাতের মাড়ি ফুলে যাওয়া এবং দাঁতের গোড়া বের হয়ে যাওয়া।
৪। আইসক্রিম, ঠান্ডা এবং গরম পানীয় খেলে দাঁত শিরশির করা।
৫। দাঁত এবং মাড়ির মাঝে খাবার আটকে যাওয়া
৬। ঘুম থেকে ওঠার পর অথবা খাওয়ার পর মুখ থেকে বাজে গন্ধ আসা।
৭। দাঁত নড়বড়ে হয়ে যাওয়া।
এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে। তবে কিছুদিন পর পর দাঁতের ডাক্তারের কাছে চেকআপ করানো ভালো, এতে দাঁতের কোনো সমস্যা গুরুতর হওয়ার আগেই তা জানা যায়।
নিয়মিত দাঁতের চেকআপে আমাদের কী কী সুবিধা হতে পারে, তা জেনে নেওয়া যাক—
১। দাঁতে দাগ ও ময়লা দূর হয়
২। দাঁতের মাড়ির যে কোনো সমস্যার সঠিকভাবে চিকিৎসা হয় এবং মাড়ি সুস্থ-সবল থাকে।
৩। মুখের দুর্গন্ধ কমে
৪। দাঁতের ব্যথা এবং সেন্সিটিভিটি হ্রাস পায়
তবে দাঁত পরিষ্কার করা নিয়ে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা আছে। যেমন অনেকে মনে করেন, ডেন্টাল ক্লিনিং বা দাঁত পরিষ্কার করালে তাতে দাঁতের ক্ষতি হয়, যা মোটেও সঠিক ধারণা না। দাঁত পরিষ্কার করালে শুধু দাঁতের হলুদ বা কালো ছোপই চলে যায়, দাঁতের এনামেলের কোনো ক্ষতি হয় না। আবার অনেকেই মনে করেন, দাঁত পরিষ্কার করাতে হয়তো অনেক টাকা লাগে, সেই ধারণাও সঠিক না।
-বাবু/এ.এস