প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৬:১০ পিএম (ভিজিট : ১৭২)

X
মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তবে চোর সন্দেহ করা তিনজনের দাবি তারা ফল ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার কাঁঠালপোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার তিনজন হলেন, ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিস (৩৫), একই উপজেলার চরগোয়াল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল (৪২) এবং মহেশপুর উপজেলার ঠান্ডু মিয়ার ছেলে অপু (১৯)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় গ্রামের তালুক নামে এক ব্যক্তির একটি ডিসকোভারি মোটরসাইকেল চুরি করে তিন জন দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করলে কাঁঠালপোতা ব্রিজের নিকট পড়ে গেলে গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেহেরপুরে হঠাৎ মোটর সাইকেল চুরির সংখ্যা বেড়ে গেছে। মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে চোর সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে এমন সংবাদ পেলে সদর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে জনগণের হাত থেকে তাদের উদ্ধার করে।
বাবু/জেএম