প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম আপডেট: ০৫.০১.২০২৩ ৫:২০ পিএম (ভিজিট : ২০১)

X
ময়মনসিংহের গৌরীপুরে শারমিন আক্তার তন্নী (৫) নামে স্থানীয় এক শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহৃত শিশু শারমিন আক্তার তন্নী এ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের মেয়ে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পাশ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের ষৌলপাই গ্রামের স্থানীয় একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে অপহরণেরর পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপরহরণকারীরা।
এ অপহরণের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার ক্ষুদ কালিহর গ্রামের নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম বাবু (২৩), দুলাল মিয়ার ছেলে মো. মোস্তাকিম (২৬), চাঁন মিয়ার ছেলে এখলাছ মিয়া (১৯), টিকুরী গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২২) ও কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে জসিম উদ্দিন (২১)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মজুমদার।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অপহরণের দিন রাতে তন্নী তার ফুফাতো বোন তানজিনা আক্তারের (৭) সঙ্গে ষৌলপাই গ্রামে স্থানীয় আল হেলাল জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিলে যায়। সেখানে অবস্থানকালে রাত ৮ টার দিকে দুই অজ্ঞাত যুবক মোটর সাইকেলযোগে এসে তাদেরকে বলে, তন্নীকে নিয়ে যেতে তার বাবা তাদেরকে পাঠিয়েছেন। তন্নী তখন দুই যুবকের কথায় বিশ্বাস করে তাদের মোটর সাইকেলে চড়ে চলে যায়।
এ ঘটনায় অপহৃত তন্নীর বাবা নুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলার গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাবু/জেএম