টাঙ্গাইলের ভূঞাপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু সহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেঁপাকান্দী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া যায়। তারা হলো- উপজেলার ফলদা ইউনিয়নের আগতেইল্লা গ্রামের সঞ্জাব আলীর দেড় বছরের মেয়ে জান্নাতি এবং একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবলী বেগম (২৫)। নিহত অপরজন ও আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, উপজেলার ঢেঁপাকান্দী রেল ক্রসিংয়ের সময় বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় পৌঁছলে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এঘটনায় গুরতর আহত হয়েছে আরো ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ভূঞাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি উপজেলার ঢেঁপাকান্দী রেল ক্রসিংয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে তিন জনের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতের বিষয়ে হাসপাতালে খোঁজ নিতে গিয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয় প্রশাসন বহন করবে বলে জানান তিনি।
-বাবু/এ.এস