প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:২১ পিএম (ভিজিট : ১৬৫)

X
রাজধানীর গুলশান ৪৭ নম্বর রোডে একটি স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক অজ্ঞাতপরিচয় (২২) নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক নারীর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।
নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করার জন্য যায় আমার স্ত্রী। পরে খবর পেলাম মোবাইল কোর্টের অভিযান চলছে। পরে তারা দুইজন ছাদ থেকে লাফিয়ে পড়ে। আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতো, জানতে চাইলে তিনি বলেন, আজকে প্রথম কাজে গেছে আমি বিষয়টি জানি না।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। পরে আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরো একজনের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসক।
বাবু/এসআর