প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম (ভিজিট : ১৮৪)

X
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পয়োবর্জ্যের কারণে লেকগুলোর পানি দূষিত হয়ে গেছে। তাই লেকে মাছ চাষ করা যাচ্ছে না। মাছ ছাড়তে পারলে মশা নিধনে ন্যাচারাল সলিউশন হতো অনেকটা।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকায় পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান শেষে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, মশা নিধনে ন্যাচারাল সলিউশন সম্ভব হচ্ছে না মাছ চাষ করতে না পারার কারণে। গুলশান, বারিধারা, নিকেতন, বনানী লেকে যদি এমন পয়োবর্জ্যের কারণে পানি দূষিত না হতো তাহলে আমরা মাছ চাষ করতে পারতাম এসব খালে। অভিজাত এলাকার অসচেতন মানুষের কারণে লেকের পানি বারবার দূষিত হচ্ছে। তবে আমরা ড্রেন ও খাল আর দূষিত হতে দেব না। তারা যদি সারফেস ড্রেন থেকে পয়োবর্জ্যের অবৈধ সংযোগ সরিয়ে না নেয়, বাড়ির মালিকরা অনতিবিলম্বে নিজ থেকে এসব সংযোগ বন্ধ না করে, তাহলে স্থায়ীভাবে বন্ধ করে দেবে ডিএনসিসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী প্রমুখ।
বাবু/এসআর