অপহরণের ৫ দিন পর প্রধান শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২
রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:৪৫ পিএম (ভিজিট : ১৯৩)

X
পাঁচ দিন পর অপহৃত প্রধান শিক্ষক নুরল আমিনকে (৫০) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে নিজ বাড়ি থেকে প্রধান শিক্ষক নুরল আমিনকে অপহরণ করা হয়। উদ্ধারকৃত নুরল আমিন আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেলার পাড়া বেলুয়া বাজার এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুল বারি (৪৩) ও নেত্রকোণার পুর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়নের ভূগী গ্রামের সিদ্দুকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
এ ঘটনায় পরদিন অজ্ঞাতদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন অপহৃত শিক্ষকের ছেলে আব্দুর রউফ। মামলাটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহৃত শিক্ষকের অবস্থান নিশ্চিত করে পুলিশ। উদ্ধার হওয়া প্রধান শিক্ষককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অপহরণকারী দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম