প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩৮ পিএম (ভিজিট : ৩৬৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে আপন খালাতো ভাইয়ের আঘাতে প্রাণ গেল মানিক মিয়া (৩০) নামে এক যুবকের। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলেরপাড় এলাকার মৃত এলেম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনকে সুদে এক লাখ টাকা দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের প্রায় সময় বাকবিতণ্ডা হতো। আজ সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে যেতে বলেন। বাড়ি গেলে আসমত আলীর সঙ্গে মানিকের আবারও বাকবিতণ্ডা হয়। এ সময় আসমত আলী, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের ওপর হামলা করেন। মানিককে তারা মারধর করতে থাকেন। এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত তিনজনই পরিবারসহ পলাতক আছেন। তাই তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। তার মরদেহটি ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পরিবার থেকে মামলা প্রস্তুতি চলছে।
বাবু/জেএম