
শিশুদের উন্নত চিকিৎসার জন্য ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্প অনুসারে ২০১৯ সালের মধ্যে হাসপাতালটি চালু করার কথা। কিন্তু ঠিকাদারের সদিচ্ছার অভাবে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। হাসপাতালটি নির্মাণে এমন দীর্ঘসূত্রতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশালে পৌঁছে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ সুকান্ত বাবুর নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শনে এসে কাজ শেষ হয়নি দেখে অবাক হন। নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি।
নির্মাণ কাজে যুক্ত প্রকৌশলীরা দাবি করেন, ২০১৭ সালে নির্মাণ কাজের উদ্বোধন হলেও করোনার কারণে সঠিক সময়ে কাজ শেষ করা যায়নি।
অন্যদিকে ঠিকাদার এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু জানান, হাসপাতালে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জটিলতা ছিল। এছাড়া হাসপাতাল এলাকায় একটি ডোবা ছিল। সেটি ভরাট করেই কাজ শুরু করতে হয়েছে। এতে কিছুটা বিলম্ব হয়েছে।
তবে স্বাস্থ্যমন্ত্রী বর্ধিত নির্ধারিত সময় চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
বাবু/জেএম