প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৬:২৬ পিএম (ভিজিট : ২২১)

X
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্কুল, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার মতো যোগ্য খেলোয়াড় তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ। এসময় জেলা প্রশাসনের এনডিসি মোঃ তৌফিক আজিজসহ শিক্ষকগণ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শীতকালীন ক্রীড়া উৎসব সাতটি ইভেন্টের মধ্যে রয়েছে- ১. ক্রিকেট (ছাত্র), ২. ক্রিকেট (ছাত্রী), ৩. ভলিভল, ৪. ব্যাডমিন্টন, ৫. হকি, ৬. টেবিল টেনিস ও ৭.এ্যাথলেটিক্স, দড়িলাফ, সাইক্লিং। আগামী রবিবার (২২ জানুয়ারী) বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে।
-বাবু/এ.এস