
সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের একটি খোলা মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামাণিকের ছেলে। আজ দুপুরে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, 'কে বা কারা দশখাদা গ্রামের মনিরুলকে গলা কেটে হত্যা করে মাঠে ফেলে গেছে। আমি স্থানীয়দের মাধ্যমে সকাল ৯টার দিকে জানতে পেরে থানায় খবর দিই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।'
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, 'স্থানীয় সূত্রে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি। আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাবু/এসআর