প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ পিএম (ভিজিট : ১২৮)

X
মানিকগঞ্জের হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবৈধ ইটভাঙা মেশিন উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে জানা গেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সোয়া নয়টার দিকে উপজেলার আন্ধারমানিক এলাকার লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া বাজার আঞ্চলিক সড়কের নেপাল হালদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হেলাল মোল্লা (৫৬) উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের আহসান দেওয়ানের ছেলে মোঃ ইউসুফ (৩৮), বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের সাইদুরের ছেলে রাব্বি (২৭) আব্দুল হাসেমের ছেলে মোঃ ফরিদ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে ইটভাঙ্গার মেশিন নিয়ে পিপুলিয়া যাওয়ার পথে আন্ধারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শ্রমিক হেলাল মোল্লাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শামিম মিয়া বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই হেলাল মোল্লা মারা গেছেন। শরীরে কোনো ক্ষত না থাকলেও মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ায় তার মৃত্যু হতে পারে বলে জানান চিকিৎসক।"
দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা হরিরামপুর থানার এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,"ইট ভাঙ্গা মেশিন উল্টে হেলাল মোল্লা নামে একজন শ্রমিক নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ছাড়াও দুর্ঘটনাকবলিত অবৈধ ইটভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, "অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।"
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, " অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
-বাবু/এ.এস