প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৭ পিএম (ভিজিট : ৬৯২)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরশহরের সড়ক বাজারে নিউ মনোরমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর বা চোর চক্র মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় দোকানের কলাপসিবর গেট এবং শাটারের তালা খোলে গ্লাস ভেঙ্গে দোকানে ঢুকে প্রায় ৪৪ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে।
খবর পেয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, থানার ওসি মো. আসাদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. শফিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় দোকান মালিক আশীষ কুমার বিশ্বাস বুধবার বিকালে থানায় লিখিত এজাহার দিয়েছেন।
আশীষ কুমার বিশ্বাস বলেন, প্রতিদিনের মতো রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানের ম্যানেজার শ্রীধন সাহা এসে দেখেন একটি কলাপসিবল গেট এবং শাটানের তালা খোলা এবং গ্লাশ ভাঙা। আমাকে খবর দিলে আমি এসে দেখি ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে হিসাব করে দেখতে পাই প্রায় ৪৪ ভরি স্বর্ণ চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
এদিকে বাজারে পাহাড়াদার থাকা সত্বেও শহরের ব্যস্ততম এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন। বাজার কমিটি আরও দায়িত্বশীল হলে এবং পাহাড়াদাররা ঠিকমত ডিউটি করলে চুরির ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। বাজার কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির খোকা বলেন, দোকানের সিসি ক্যামেরাটি বন্ধ ছিল। বাজারে পাহাড়াদারও ছিল। তারমধ্যে কীভাবে এতগুলো তালা খোলে গ্লাস ভেঙে চুরির ঘটনা বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাই মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।
বাবু/জেএম