প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম (ভিজিট : ২৮৮)

X
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবৈধভাবে দখলকৃত সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ।
আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে গড়ে উঠা মার্কেট, বহুতল ভবন, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের উপসচিব মো. আব্দুল লতিফ। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মেসার্স মিতালী ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানের নামে জায়গা বরাদ্ধ নিয়ে ব্যবসা শুরু করেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার মণি। পরে বরাদ্ধের অতিরিক্ত জায়গা দখল করে ফিলিং স্টেশনের পাশে ও পিছনে অবৈধ ভাবে গড়ে তুলেন আধাপাকা ঘর ও বহুতল ভবন। যা পরবর্তীতে মার্কেট ও আবাসিক হোটেল হিসাবে ভাড়া দেওয়া হয়।
সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে একাধিক বার এসব স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য মৌখিক ও লিখিত ভাবে সতর্ক করা হলেও তাতে কর্নপাত করেননি সরকার দলীয় এই নেতা। অপর দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি মোটা অংকের টাকা অগ্রীম দিয়ে মালামাল তুলে ব্যবসা করছিলেন তারা। মালিক পক্ষ কোন প্রকার পূর্ব ঘোষণা না দেওয়ায় দোকানের কোন মালামাল সরানো সম্ভব হয়নি। ব্যবসায়ী আলমগীর গাজী বলেন, দোকানের অগ্রীম বাবদ ৩০ লাখ টাকা প্রদান করে নিজ খরচে দোকানের ডেকোরেশনসহ আনুষাঙ্গিক কাজ করে ব্যবসা করছিলাম । সকাল থেকে হঠাৎ করে উচ্ছেদ করায় আমরা পথে বসে গেলাম। মালিক পক্ষ আমাদের সাথে কোন যোগাযোগ করে না।
এ বিষয়ে কথা বলতে স্বেচ্ছাসেবক লীগ নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাবু/জেএম