প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৬:৫০ পিএম (ভিজিট : ১৪৪)

X
কক্সবাজারের টেকনাফের শীর্ষ সন্ত্রাসী গিয়াস বাহিনীর গুলিতে এক মহিলা গুরুতর আহত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ১১টার দিকে হ্নীলা ইউপির রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নুরু সওদাগরের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
আহত মহিলা ওই এলাকার দুদু মিয়ার মেয়ে ছমুদা বেগম (৩৫)। গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এনজিও হাসপাতালে প্রেরণ করেন।
ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্মব্যরত চিকিৎসক। ভিকটিমের ভাই জাকির হোসেন বলেন,গিয়াস বাহিনী আমার ভাই মুহাম্মদ তৈয়বকে ২১ সেপ্টেম্বর ২০২০ সালে গুলি করে হত্যা করেছে। সেই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলাম।
সেই মামলা আপোষ না দেয়াতে আজকে সকাল ১১টার সময় গিয়াস বাহিনীর গিয়াসের নেতৃত্বে নাছির উদ্দিন, রেজাউল করিম প্রকাশ পুতিয়া ডাকাত, রবিউল আলম, আনোয়ার, গুরা মিয়াসহ ৭/৮জন মিলে নুরু সওদাগরের দোকানের সামনে আমার বড় ভাই সেলিমকে গুলি করেছে। এসময় ছমুদা বেগম সামনে পড়ায় গুলি লেগেছে তার পায়ে। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে আনোয়ার বলেন, কিছুদিন আগে ঘর পুড়েছে, সেখানে কিছু আইডি কার্ডের কথা বলতে গেলে তারাই আমাদের হামলা করেছে। অভিযুক্ত গিয়াস উদ্দিনের মোবাইল নাম্বার বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে হত্যা,মাদক, অপহরণসহ ডজন খানেক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, গিয়াস এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কথা বললে বাড়িতে থাকতে পারবো না।
টেকনাফ মডেল থানার ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) ওসি আব্দুল হালিম বলেন, ওইখানে পুলিশ গেছে, তদন্ত করছে মামলা হবে।
বাবু/জেএম