প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:১০ পিএম আপডেট: ১৩.০৩.২০২৩ ১:১৪ পিএম (ভিজিট : ১৫১)

X
এখনও থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা। সংঘর্ষের ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আসামি অজ্ঞাতনামা প্রায় সাড়ে ছয়শো।
রোববার (১২ মার্চ) রাতে মতিহার থানার এসআই আমানত উল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, পুলিশ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল রাতেই মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। অপরদিকে রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, অবরোধ তুলে নেয়ায় সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে ঢাকা-রাজশাহী মহাসড়কেও ছোট যানবাহন চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল অব্যাহত রেখেছে বিজিবিও। এদিকে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।
প্রসঙ্গত, শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী।
-বাবু/এ.এস